চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালিয়াইশ ইউনিয়নের মাইঙ্গাপাড়া এলাকার আব্দুল মাবুদদের ছেলে আবু তাহের (৫০) এবং ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অটোরিকশাচালক আব্দুস শুক্কুর (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে অটোরিকশাটি রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। নিরাপদ রেল পারাপারের ব্যবস্থা এবং রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগের দাবিতে এলাকাবাসী কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস-৮২২ ট্রেনটি আটকে রাখেন।
আন্দোলনকারীরা জানান, গেটম্যান না থাকায় প্রায় সাতকানিয়ায় ট্রেন দুর্ঘটনা ঘটছে। গত দুইমাসে তিনজনের মৃত্যু হয়েছে। আজকে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দীকে বলেন, রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে দু’জন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা নিরাপত্তার দাবিতে একটি ট্রেন আটকে রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।