পিরোজপুর: পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের শারিকতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শনিবার (৯ মে) দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মুদি দোকান, মনোহরী, ফার্মেসি ও ডেকোরেটরসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাতের নীরবতায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং পিরোজপুর ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তীব্রতায় বাজারের ১৪টি দোকান পুড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন লাগার কারণ এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।