Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কিম জং উনের নিরাপত্তায় পারমাণবিক নীতিতে বড় পরিবর্তন উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
৯ মে ২০২৬ ২১:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশি হামলায় দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিহত বা আহত হলে প্রতিপক্ষের ওপর স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক হামলা চালানোর বিধান যুক্ত করেছে উত্তর কোরিয়া। সাম্প্রতিক আন্তর্জাতিক সামরিক সংঘাত, বিশেষ করে ইরানের শীর্ষ নেতৃত্বের ওপর ইসরায়েল-মার্কিন হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে পিয়ংইয়ং এ সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (৮ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের (এনআইএস) তথ্য অনুযায়ী, গত ২২ মার্চ পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত দেশটির ১৫তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রথম অধিবেশনে এ সংক্রান্ত সাংবিধানিক সংশোধনী অনুমোদন করা হয়।

বিজ্ঞাপন

সংশোধিত আইনের ৩ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, শত্রুপক্ষের হামলায় উত্তর কোরিয়ার পারমাণবিক বাহিনীর নিয়ন্ত্রণ ও কমান্ড ব্যবস্থা হুমকির মুখে পড়লে তাৎক্ষণিক ও স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক পাল্টা হামলা চালানো হবে।

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, কয়েকমাস আগে মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির শীর্ষ পর্যায়ের নেতাদের হত্যার ঘটনা উত্তর কোরিয়ার নেতৃত্বকে নতুন করে নিরাপত্তা ঝুঁকি নিয়ে ভাবতে বাধ্য করেছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধের শুরুতেই শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে পরিচালিত ‘ডিক্যাপিটেশন অ্যাটাক’ ভবিষ্যৎ সংঘাতে গুরুত্বপূর্ণ কৌশল হয়ে উঠতে পারে—এমন আশঙ্কা থেকেই কিম জং উনের প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। এ ছাড়া, বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন রাষ্ট্র হলেও আধুনিক স্যাটেলাইট প্রযুক্তি ও উন্নত গোয়েন্দা তৎপরতাও উত্তর কোরিয়ার জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।

প্রসঙ্গত, নিরাপত্তাজনিত কারণে কিম জং উন বর্তমানে অত্যন্ত কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে চলাচল করেন। আকাশপথ এড়িয়ে তিনি সাধারণত সাঁজোয়া ট্রেনে ভ্রমণ করেন বলে নানা সময়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর