ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় জনগণ ও পুলিশের যৌথ সহায়তায় সন্দেহভাজন ৩ জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
আটকরা হলো- নাটোরের গুরুদাসপুরের রেজাউল করিম (৪২), পুঠিয়ার বানেশ্বর বাজার খুটিপাড়ার সোহেল রানা (৩৩) এবং গোপালগঞ্জের কোটালীপাড়ার নাজমুস সাদ (৩৩)।
এবিষয়ে শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিষয়ে শাহবাগ থানায় অধিকতর তদন্ত ও কঠোর জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।