ঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তিন শিশু সন্তানসহ স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রোববার (১০মে) সকাল ৭টার দিকে ফতুল্লা গিরিধারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, সবজি বিক্রেতা মো. কালাম (৩৫), তার স্ত্রী সায়মা (৩২)। তাদের ছেলে মুন্না (৭), দুই মেয়ে কথা (৭) ও মুন্নি (১০)।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. হাসান জানান, সকাল ৭টার দিকে সেই বাসায় হঠাৎ বিস্ফোরণ হয়। শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে দেখেন, ঘরের ভেতর আগুন জ্বলছে। তখন ভেতর থেকে তাদেরকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয় বার্ন ইনস্টিটিউটে।
তিনি জানান, ধারণা করা হচ্ছে বাসার গ্যাস লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
এদিকে, বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, কালামের শরীরের ৯৫ শতাংশ, তার স্ত্রীর ৬০, মুন্নার ৩০, কথার ৫২ ও মুন্নির ৩৫ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থাই খুবই আশঙ্কাজনক। ৫ জনকেই ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।