ঢাকা: সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার লরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বাদী হয়ে মামলাটি করেন। তবে তাৎক্ষণিকভাবে আসামিদের পরিচয় নিশ্চিত করেনি পুলিশ।
ওসি তরিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘মামলায় ছয়জনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পোশাক কারখানার দায়িত্বশীলদের বিরুদ্ধে দাহ্য পদার্থ অপরিকল্পিতভাবে ব্যবহার করে বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, গত রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের গার্মেন্টসের ফাঁকা জায়গায় কোম্পানিটির জন্য নিয়ে আসা একটি লরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে জিরাবো ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে রাত ১১টা ৪৪ মিনিটে উদ্ধার অভিযান শেষ হয়।
এ ঘটনায় ঘটনাস্থলে লরির ভেতর থেকে পাঁচজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া বিস্ফোরণের পর ছিটকে আসা সিলিন্ডারের অংশবিশেষের আঘাতে পথচারী মোছাম্মত জয়নব বেগম (৫৫) ঘটনাস্থলেই নিহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জনের মৃত্যু হয়।