Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়েছে

স্টাফ করেসপন্ডেট
১০ মে ২০২৬ ১৫:৪২ | আপডেট: ১০ মে ২০২৬ ১৬:৩১

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।

ঢাকা: রাজধানীর বনানী থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে দিয়েছেন আদালত। আগামী ২১ জুন এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

রোববার (১০ মে) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মঈন উদ্দিন চৌধুরীর আদালতে মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন নির্ধারিত ছিল। তবে আসামিপক্ষ সময়ের আবেদন করলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম কাইয়ুম তার বিরোধিতা করেন। পরে উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ২৫ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য ইস্যুকৃত সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। একই সঙ্গে লাইসেন্সধারীদের ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট অস্ত্রকে অবৈধ হিসেবে গণ্য করে অস্ত্র আইনে মামলা করার কথাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

অভিযোগে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে আনিসুল হক তার লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বনানী থানা বা অন্য কোনো থানায় জমা দেননি। এমনকি এ বিষয়ে থানাকেও অবহিত করা হয়নি। পরে লাইসেন্সে উল্লেখিত ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি।

এ ঘটনায় গত ২৪ মে বনানী থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. জানে আলম দুলাল অস্ত্র আইনের ১৯(১) ধারায় মামলা দায়ের করেন।

এর আগে, ২০২৪ সালের ১৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে নৌপথে পালানোর সময় আনিসুল হককে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর