ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৭০৮ এবং সারাদেশে হামে এ পর্যন্ত ৪০৯ শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১০ মে) রাতে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১১ শিশুর মধ্যে ৭ জন নিশ্চিত হামে এবং সন্দেহজনক হামে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৭০৮ শিশুর মধ্যে নিশ্চত হামে ২০৫ শিশু এবং সন্দেহজনক হামে ১৫০৩ শিশু শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৪৯ হাজার ১৫৯ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ৬৯৮৯ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৪ হাজার ৯০৯ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৩০ হাজার ৮৬২ রোগী।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৪০৯ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৩৪৪ জন এবং নিশ্চিত হামে ৬৫ জনের মৃত্যু হয়েছে।
দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।