চট্টগ্রাম: নগরীর চাক্তাই এলাকায় জিরার সঙ্গে কেরাওয়ে সিডস মিশ্রণ করে বিপণন করাসহ নানা অপরাধে মেসার্স নবীন ট্রেডার্সকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আরও দুটি প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (১০ মে) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।
উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, জিরা মসলার সঙ্গে কেরাওয়ে সিডস মিশ্রণ করে বিপণন, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য (বিভিন্ন ধরনের মসলা) প্যাকেট করা, নষ্ট পোকাযুক্ত মসলা বিপণন, পোস্তগুড়ার সঙ্গে অন্যদ্রব্য মিশ্রণ করে বিপণনের কারণে মেসার্স নবীন ট্রেডার্সকে চার লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া শিল্প রঙকে খাদ্য হিসেবে বিক্রি, খাদ্যদ্রব্যে ক্ষতিকর নিষিদ্ধ কেমিক্যাল হাইড্রোজ খাবার হিসেবে বিক্রির কারণে মেসার্স গোপাল দাসকে ৪০ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ঘি বিক্রির কারণে মেসার্স শাহ আমানত স্টোরকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ফয়েজ উল্যাহ।