কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে খোলা মাঠের পাশে এক ঝোপ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি রাইফেল, তাজা গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)। তবে অভিযানের সময় মাদক কারবারিরা পাহাড়ি এলাকায় পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১১ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে টেকনাফ উপজেলার লেদা খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের সদস্যরা। অভিযানে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তির গতিবিধি নজরে আসে। পরে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পাহাড়ের দিকে পালিয়ে যায়।
তিনি আরও জানান, পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ঝোপে লুকিয়ে রাখা একটি বিদেশি রাইফেল (এমএ-১), একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গুলি এবং ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন নিশ্চিত করেছেন, উদ্ধার হওয়া অস্ত্র ও মাদক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় সেগুলো হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং মাদকপাচার রোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
সীমান্তঘেঁষা টেকনাফে সাম্প্রতিক সময়ে মাদক ও অস্ত্র চোরাচালান নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে পাহাড়ি ও দুর্গম সীমান্তপথ ব্যবহার করে সংঘবদ্ধ চক্রগুলো ইয়াবা পাচারের পাশাপাশি অবৈধ অস্ত্রও মজুত করছে বলে আইন-শৃঙ্খলা বাহিনীর ধারণা।