চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় একটি বোট থেকে চোরাইকৃত ৪ টন কয়লা এবং ৫২০ লিটার কেরোসিনসহ তিনটি সাম্পান বোট ও একটি লাইফ বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।
রবিবার (১০ মে) বিকেলে পতেঙ্গা থানার ১৪ নম্বর ঘাট এলাকা থেকে এসব জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, রবিবার বিকেল ৩টায় পতেঙ্গার ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় সন্দেহজনক চারটি বোটে তল্লাশি চালানো হয়। এ সময় চোরাইকৃত ৪ টন কয়লা এবং ৫২০ লিটার কেরোসিনসহ তিনটি সাম্পান বোট ও একটি লাইফ বোট জব্দ করা হয়েছে।
জব্দকৃত কয়লা, কেরোসিন ও চোরাচালান কাজে ব্যবহৃত বোটসমূহের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।