ঢাকা: দেশের লবণচাষিদের জীবনমান উন্নয়ন ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১১ মে) সচিবালয়ের মন্ত্রীপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকে প্রান্তিক লবণচাষিদের শ্রমের উপযুক্ত মূল্য যাতে নিশ্চিত হয়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়।
প্রধানমন্ত্রী উপস্থিত সংশ্লিষ্টদের নির্দেশ দেন, বাজার ব্যবস্থাপনায় যেন কোনো ধরনের মধ্যস্বত্বভোগীরা চাষিদের বঞ্চিত করতে না পারে।
এ ছাড়া, চাষিদের জীবনমান উন্নত করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় বৈঠকে।
উচ্চপর্যায়ের এ বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে অংশ নেন অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার, শিল্প সচিব ওবায়দুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান সাইফুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠক শেষে জানানো হয়, লবণ শিল্পের বিকাশ এবং এ খাতের সঙ্গে জড়িত বিশাল জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে সরকার নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের লবণচাষিদের সরকারি সহায়তা বৃদ্ধি এবং কারিগরি সুবিধা দেওয়ার বিষয়টিও গুরুত্ব পেয়েছে বৈঠকে।