Monday 11 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ২৩:৩৮

প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে মুনতাহা তসলিমা (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

মুনতাহা তসলিমা কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব নাইক্ষংদিয়া এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব নাইক্ষংদিয়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাশে খেলাধুলা করছিল শিশু মুনতাহা। এ সময় অসাবধানতাবশত ভবনের সেপটিক ট্যাংকের মধ্যে পড়ে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা অভিযোগ করেন, নির্মাণাধীন ভবনের ঝুঁকিপূর্ণ সেপটিক ট্যাংকটি নিরাপত্তাবেষ্টনী ছাড়াই খোলা অবস্থায় রাখা হয়েছিল। যা বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।