Tuesday 12 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ১৭:৫৩ | আপডেট: ১২ মে ২০২৬ ১৮:৪০

‎ঢাকা: ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোয়া ২০০ প্রার্থীর বিপরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যয় করেছে সাড়ে ৪ কোটি টাকা।

‎মঙ্গলবার (১২ মে ) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে দলের নির্বাচনি ব্যয়ের বিবরণী জমা দিয়েছে দলটি। জামায়াতের ২ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন ভবনে গিয়ে দলের নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেন।

‎জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সই করা খাতভিত্তিক দলের ব্যয় তুলে ধরা হয়। এবার জামায়াত ২২৭ আসনে প্রার্থী দিয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী দলটির সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ের সুযোগ ছিল।

‎‎জামায়াতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সই করা ওই হিসাব বিবরণী অনুযায়ী, নির্বাচনে দলটির মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা। এর মধ্যে ২২৫ জন প্রার্থীকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে ৪ কোটি টাকা, যেখানে গড়ে প্রতি প্রার্থী দল থেকে প্রায় দেড় থেকে ২ লাখ টাকা।

‎দলটির নির্বাচনি ইশতেহার ডিজাইন ও ছাপা, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনি সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতাদের সফর এবং আইসিসিতে বিজ্ঞাপন দেওয়ার খরচ হিসেবে এ ব্যয় দেখানো হয়েছে।

‎জামায়াতের নির্বাচনি প্রচারণায় ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা, পরিবহন খাতে ৮ হাজার ৭শ টাকা, জনসভা ও সফর বাবদ ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা, স্টাফ খরচ ২ লাখ ৮৫ হাজার ৯০২ টাকা এবং আবাসন ও প্রশাসনিক খাতে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা ব্যয় করেছে দলটি।

‎এছাড়া বিবিধ খরচ হিসেবে আরও ২ লাখ টাকা খরচ উল্লেখ করা হয়েছে।

‎এবার ভোটে ৫০টি দল অংশ নেয়। ১২ ফেব্রুয়ারি ভোটের পরদিন ফলাফলের গেজেট হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে ৬৮ আসন পেয়ে জামায়াত বিরোধী দলে রয়েছে।

‎আইন অনুযায়ী, গেজেট প্রকাশের পরবর্তী ৯০ দিনের মধ্যে দলের ব্যয় জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর