Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেষ মুহূর্তে জমে উঠেছে টুপি-আতর-তাসবিহ-জায়নামাজের বাজার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৬ ২০:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে রাজধানীতে শেষ মুহূর্তে জমে উঠেছে টুপি, আতর, তাসবিহ ও জায়নামাজের বাজার। ঈদের নামাজের প্রয়োজনীয় এসব অনুষঙ্গ কিনতে ফুটপাত থেকে শুরু করে শপিংমল পর্যন্ত দেখা যাচ্ছে ক্রেতাদের ভিড়।

উপেলক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকা, গুলিস্তান, নিউমার্কেট ও চকবাজারের ফুটপাতগুলোতে বিক্রেতারা নানা ধরনের টুপি, আতর, জায়নামাজ ও তাসবিহ সাজিয়ে বসেছেন। বৃষ্টির কারণে কোথাও কোথাও দোকান ঢেকে রাখা হলেও, সুযোগ বুঝে চলছে বিক্রি। তবে বিক্রেতারা জানিয়েছেন, দিনের শুরুতে ক্রেতার চাপ তুলনামূলক কম ছিল, বিকেলের পর থেকে তা বাড়ছে।

বিজ্ঞাপন

বায়তুল মোকাররম এলাকার টুপির দোকানদার মো. আলী জানান, দেশি টুপির পাশাপাশি ওমানি, পাকিস্তানি, ইন্দোনেশিয়ান ও সুতি টুপির চাহিদা বেশি। নকশা ও মানভেদে ৫০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত দামে টুপি বিক্রি হচ্ছে। ক্রেতারা মূলত পোশাকের সঙ্গে মিলিয়ে টুপি কিনছেন। আর সবচেয়ে বেশি চাহিদা সুতি টুপির।

আতরের দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কস্তুরী, বকুল, হেনা, মদিনা, উদ ও চকোলেট ফ্লেভারের আতর বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, ১০০ থেকে ৩০০ টাকার হালকা ও মিষ্টি সুবাসের আতরই বেশি বিক্রি হচ্ছে। তবে কিছু সৌখিন ক্রেতা ১ হাজার টাকার বেশি দামের ‘উদ’ ও ‘আম্বর’ও কিনছেন।

জায়নামাজ ও তাসবিহের বাজারেও ক্রেতার আগ্রহ রয়েছে। সুতি ও মখমলের তুর্কি, পাকিস্তানি ও সৌদি জায়নামাজ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩ হাজার টাকায়। পাশাপাশি তরুণদের মধ্যে কাঠের বা পাথরের তাসবিহের পরিবর্তে ‘ডিজিটাল ফিঙ্গার তাসবিহ কাউন্টার’-এর চাহিদা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

ক্রেতা আহসান মিয়া বলেন, ‘পাঞ্জাবি কেনা হয়েছে আগেই। আজ শেষ মুহূর্তে আসলাম আতর আর টুপি কিনতে। বৃষ্টির কারণে একটু ভোগান্তি হচ্ছে ঠিকই, তবে সুগন্ধি আর টুপির দোকানে এলে ঈদের আসল আমেজটা টের পাওয়া যায়।’

এ ছাড়াও বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে সকালে বেচাকেনা কিছুটা কম হলেও দুপুরের পর থেকে তা বাড়ছে। রাত যত বাড়বে, বিক্রিও ততো বাড়বে বলে আশা করছেন তারা।

সারাবাংলা/এনএল/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর