Friday 30 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উদ্ভাবনকে ল্যাব থেকে বাজারে নিতে হবে: প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৯ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা: দেশীয় উদ্ভাবনকে গবেষণাগার থেকে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিজয় সরণির নভো থিয়েটারে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বর্তমান সরকার সর্বোচ্চ অবস্থান থেকে সব ধরনের চেষ্টা ও উদ্যোগ গ্রহণ করবে। এ ক্ষেত্রে উদ্ভাবক, উদ্ভাবনী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সহযোগিতা প্রয়োজন।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা আমাদের সর্বোচ্চ অবস্থান থেকে সকল চেষ্টা এবং উদ্যোগ গ্রহণ করব। আপনাদের (উদ্ভাবক, উদ্ভাবনী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারী) সহযোগিতা আমাদের প্রয়োজন, আপনাদের সাহায্য আমাদের প্রয়োজন, আপনাদের এগিয়ে আসা রাষ্ট্রের জন্য প্রয়োজন।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আসুন আমরা সকলে মিলে এরকম একটি রাষ্ট্র গড়ে তুলতে কাজ করি, যেখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সেই রাষ্ট্রকে গড়ে তুলতে সক্ষম হব।’

পরে তিনি আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবারের মেলার মূল প্রতিপাদ্য ‘ইনোভেট টু মার্কেট’। দেশীয় উদ্ভাবক ও উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষাপ্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের টেকসই অংশীদারিত্ব গড়ে তোলার ওপর মেলায় গুরুত্ব দেওয়া হয়েছে।

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্ট-আপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন।

প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন ও সম্ভাবনাময় উদ্ভাবন মেলায় প্রদর্শিত হচ্ছে।

আয়োজকরা জানান, দেশে একটি শক্তিশালী জাতীয় উদ্ভাবন ইকোসিস্টেম গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। গবেষণাগারে উদ্ভাবিত ধারণা ও প্রযুক্তিকে বাস্তব উৎপাদন ও বাজারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্ভাবক, শিল্পখাত, বিনিয়োগকারী ও সরকারের মধ্যে সংযোগ তৈরির সুযোগ সৃষ্টি করবে এই মেলা।

মেলায় কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতর এবং ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। কারিগরি অংশীদার হিসেবে রয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বক্তব্য দেন।

এদিকে মেলার দ্বিতীয় দিন রোববার স্বাস্থ্য খাত নিয়ে ‘সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন: সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জোবাইদা রহমান।

সারাবাংলা/এমএমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর