Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট ২০২৬ ১০:৪১

ভূমিকম্পে বিধ্বস্ত এলাকা। ছবি: সিএনএন

ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উপকূলে শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সংবাদমাধ্যম সিএনএন-এর বরাতে এ তথ্য জানা গেছে।

শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় ভোর ৬টার দিকে আঘাত হানা এ ভূমিকম্পে অন্তত একজন নিহত হয়েছেন।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি জানিয়েছে, ভূমিকম্পে প্রথমে নিহতের সংখ্যা দুই বলা হলেও পরে তা সংশোধন করে একজন করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পূর্ব নুসা তেংগারা প্রদেশের এন্দে শহরের প্রায় ৬৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে। মূল ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়।

বিজ্ঞাপন

ভূমিকম্পের পর সুনামির সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করা হয়েছিল। তবে পরে সেই সতর্কতা প্রত্যাহার করা হয় বলে জানিয়েছে বিএনপিবি। ইউএসজিএসের হিসাবে, প্রায় পাঁচ লাখ মানুষ অত্যন্ত শক্তিশালী বা তীব্র কম্পনের মুখে পড়েছেন। এতে ভালোভাবে নির্মিত ভবনে সামান্য থেকে মাঝারি ক্ষতি এবং দুর্বল স্থাপনায় গুরুতর ক্ষয়ক্ষতি হতে পারে।

ভূমিকম্পের তীব্র কম্পন ফ্লোরেস দ্বীপজুড়ে অনুভূত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভবন ধসে পড়তে এবং আতঙ্কিত মানুষকে চিৎকার করে দৌড়ে নিরাপদ স্থানে যেতে দেখা যায়।

বিএনপিবি জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নেগেকো রিজেন্সির প্রায় ২ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্গম ও দ্বীপভিত্তিক ভৌগোলিক অবস্থানের কারণে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা কঠিন হওয়ায় সংস্থাটি একটি হেলিকপ্টারসহ জরুরি সাড়া দেওয়ার দল মোতায়েন করেছে।

প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত, যে অঞ্চলটিতে ঘন ঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

দুর্গাপূজায় ছুটি বাড়ল
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৮

আরো

সম্পর্কিত খবর