ঢাকা: জাতীয় নির্বাচনসহ সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে সাংবাদিক পাস বা কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়াটি সহজ ও স্বচ্ছ করতে নির্বাচন সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’ (আরএফইডি)-সহ অন্যান্য অংশীজনের মতামতের ভিত্তিতে একটি বিশেষ সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে কমিশন।
সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অংশীজনদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, অনলাইন কার্ড দেওয়ার পুরো বিষয়টি বাস্তবায়নে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দেবে এবং সেই প্রতিবেদনের আলোকেই পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী বলেন, নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা মূলত স্বাধীন সাংবাদিকতার ওপর নির্ভর করে। কিন্তু অতীতে দেখা গেছে, অনেক অপেশাদার ব্যক্তি এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা সাংবাদিক পরিচয়ে নির্বাচন কমিশনের পাস কার্ড বাগিয়ে নিয়েছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলা জরুরি। ইসির এই অনলাইন উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি শুধুমাত্র পেশাদার সাংবাদিকরা যেন পরিচয়পত্র পান, তা নিশ্চিত করার অনুরোধ জানান।
এর আগে, ইসি সচিব আখতার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী জেসিন, ইসির অতিরিক্ত সচিব মো. সামসুল আলম, আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল এবং সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলা সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইসির নতুন সিদ্ধান্ত / গণমাধ্যমকর্মীদের ভোটের পাস মিলবে অনলাইনে
সিনিয়র করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৮
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৮