কুষ্টিয়া: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর রেজাউল করীম বলেছেন, বিএনপি নির্বাচনের আগে ওয়াদা করেছিল ক্ষমতায় গেলে শরিয়াহ বিরোধী কোনো আইন করবেন না। কিন্তু সে ওয়াদা রাখছেন না। সংসদে তারা এরই মধ্যে শরিয়াহ বিরোধী আইন অনুমোদন দিয়েছেন।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলম মাদরাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এসব কথা বলেন। রেজাউল করীম হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, তারা শরিয়াহ বিরোধী আইন থেকে ফিরে না আসলে আমরা প্রতিবাদে নামতে বাধ্য হবো।
স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে দেওয়া বক্তব্যের উদ্ধৃতি টেনে তিনি বলেন, জামায়াতে ইসলামী দলের লোগো থেকে আকিমুদদ্বীন কথাটি উঠিয়ে ফেলেছেন। এতে ওখানে ইসলাম কথাটি আর থাকে না। তাই ইসলামি দল বলাও যায়না।
এ সময় তিনি আরও বলেন, গত নির্বাচনের ইশতেহারে জামায়াত যে ইসলাম অনুযায়ী দেশ চালাবে, এ কথা কোথাও বলেনি। পাশাপাশি জামায়াতের আমির সে সময় বলেছিলেন তারা শরিয়াহ অনুযায়ী দেশ চালাবেন না, প্রচলিত আইনে চালাবেন। সব মিলিয়ে বলা চলে জামায়াত আর ইসলামি দল নয়।
তিনি জামায়াতের উদ্দেশ্য প্রশ্ন করে বলেন, জামায়াতে ইসলামী বিদ্যুৎসব বিভিন্ন দাবিতে লংমার্চ করেছেন। সেখান থেকে ফিরে সংসদে দলের আমির বলেছেন বিদ্যুতের সমস্যা বর্তমান সরকারের সৃষ্ট নয়, তাহলে এতো তেল গ্যাস পুড়িয়ে লংমার্চ কেন করলেন? এমন দ্বিমুখী আচরণ কেন?
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আরও বলেন, গত নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন ছিল, তবু আমরা মেনে নিয়েছি। কিন্তু অন্তর্বর্তী সরকার আমলের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে। এর প্রধান কারণ এখন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। মনে হচ্ছে পাতি শৃগালের কাছে মুরগি বর্গা দিয়েছি আমরা।
কর্মী প্রত্যাশী তারবিয়াত ২০২৬ অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. আব্দুল্লাহ্ আখন্দের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক, মুফতি শেখ মু. সাইফুল ইসলামসহ অনান্য নেতৃবৃন্দ।