ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ীতে শিক্ষার্থী নাইম হাওলাদার (১৭) হত্যা ও তারেক চৌকিদার হত্যা-চেষ্টা মামলায় পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আসম ফিরোজ-কে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক-এর আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি ডেমরা জোনের সাব-ইনস্পেক্টর (নিরস্ত্র) নাজিম উদ্দিন ফকির আদালতে দেওয়া আবেদনে জানান, ২০২৪ সালের ১৯ জুলাই যাত্রাবাড়ী থানার উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয়।
এ সময় গুলিতে শিক্ষার্থী নাইম হাওলাদার বাম কাঁধের সামনের দিকে গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই দিনই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে, যাত্রাবাড়ী এলাকায় নিজ বাসার ছাদে গুলিবিদ্ধ হন শিক্ষার্থী তারেক চৌকিদার। এ ঘটনায় দায়ের করা হত্যা-চেষ্টা মামলায় আ স ম ফিরোজের যোগসাজশের অভিযোগের কথাও তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, আসম ফিরোজ বর্তমানে যাত্রাবাড়ী থানার আরেকটি হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। নাইম হত্যা মামলার ঘটনার মূল রহস্য উদঘাটন, অন্যান্য আসামিদের গ্রেফতার এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে আটক রাখা প্রয়োজন।
আবেদনের শুনানি শেষে আদালত তাকে নাইম হাওলাদার হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।
এর আগে ২০২৪ সালের ২৩ আগস্ট রাজধানীর বনানী এলাকা থেকে আসম ফিরোজ-কে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।