ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শুধু সাক্ষরতার হার বাড়ালেই শিক্ষিত সমাজ তৈরি হয় না, এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি তা বাস্তবে প্রয়োগ করতে পারবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার পিটিআইয়ে আয়োজিত ‘বাংলাদেশ টিএমটিই সদস্য সম্মেলন-২০২৬’- এ তিনি এ মন্তব্য করেন।
সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকের নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শ্রবণ ও কথন দক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার্থীরা যেন শুনে বুঝতে পারে এবং নিজেদের বক্তব্য সঠিকভাবে প্রকাশ করতে পারে, সে লক্ষ্যে পাঠ্যক্রমে পর্যাপ্ত অনুশীলনের ব্যবস্থা রাখা হচ্ছে।
ভাষা শেখার ক্ষেত্রে শোনা ও চর্চা করার বিষয়টিকে মূল ভিত্তি উল্লেখ করে তিনি জানান, বৈশ্বিক জ্ঞান অর্জনে শিক্ষার্থীদের ভাষাগত সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী শিক্ষাকে কেবল অধিকার হিসেবে নয়, বরং দক্ষতাভিত্তিক, কর্মজীবনমুখী ও নৈতিকতাসম্পন্ন করে তুলতে হবে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে চিরাচরিত বইয়ের পাশাপাশি আধুনিক ডিজিটাল উপকরণ, ভিডিও ও খেলার মাধ্যমে পাঠদানের তাগিদ দিয়ে শিক্ষকদের নিকট বাস্তবমুখী প্রস্তাবনা আহ্বান করেন তিনি।