ঢাকা: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মাদরাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠান তদারকির আওতায় আসবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ‘কোলিশন ফর অ্যাডভান্সিং ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস’ আয়োজিত নারী ও শিশু অধিকার সুরক্ষা বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘শিশুদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মাদরাসাসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্যানিটারি সামগ্রী সরবরাহ এবং স্বাস্থ্য সচেতনতা তৈরির বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
তিনি বলেন, ‘সমাজের বুকে সঠিক ও ইতিবাচক ন্যারেটিভ প্রতিষ্ঠা করা ছাড়া বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘নারীর পরিচয় শুধু কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের বহুমাত্রিক পরিচয় ও সক্ষমতাকে স্বীকৃতি দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ, বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনের সদস্য আন্না মিনজ, এনসিপি থেকে সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুম এবং পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।
সভায় বক্তারা নারী ও শিশুর অধিকার সুরক্ষা, সামাজিক সমতা, ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় জরুরি পদক্ষেপ নেওয়ার ওপর বিশেষ তাগিদ দেন।