ঢাকা: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঘোষণা করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, চলতি সপ্তাহেই তফসিল হবে। এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনও এমন ঈঙ্গিত দিয়েছেন সম্প্রতি।
জানা গেছে, তফসিলের সিদ্ধান্ত দু’ভাবে হয়। নথিতে ও কমিশন বৈঠকে। এখন পর্যন্ত কমিশন বৈঠকের অফিস আদেশ হয়নি। তবে যদি কমিশন মনে করে নথিতেও সিদ্ধান্ত হতে পারে। জানা গেছে, একজন নির্বাচন কমিশনার ঢাকার বাইরে। তাকে ছাড়া কমিশন বৈঠক হওয়ার কথা নয়।
এর আগে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার গণমাধ্যমকে বলেছিলেন, ‘ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের জন্য আমরা প্রস্তুত। আইটি সাপোর্টেড যে পোস্টাল ভোটিং, সেটারও আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা রাখি, অল্প কিছুদিনের মধ্যেই আমরা সিডিউলটা ডিক্লেয়ার করতে পারব। নির্বাচন পূজা, পরীক্ষা ইত্যাদি বিবেচনায় নিয়ে তারিখ নির্ধারণ করা হবে।’
জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ বিষয়ে বলেছেন, ‘নির্বাচনের দিন থেকে আগের ৪০-৪৫ দিন হাতে রেখে তফসিল দিতে হয়। কারণ, এই সময়টুকু নির্বাচনি প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজন হয়।’
ইসি কর্মকর্তারা জানান, অক্টোবরের শেষার্ধে উপ-নির্বাচনটি হতে পারে। ২০ ও ২১ অক্টোবর পূজার ছুটি। এরপর যে কোনো সময় ভোট হতে পারে।
তবে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই ঠাকুরগাঁও-১ আসনের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ, মনোনয়নপত্র দাখিল, বাছাই, ও প্রত্যাহারের সুনির্দিষ্ট সময়সূচি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা জানা যাবে।
উল্লেখ্য, গত ২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এতে বলা হয়- সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, গত ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকে আসনটি শূন্য হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচিত হয়েছিলেন। আর গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।