Monday 26 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রতারণা মামলায় ‘সময় টিভি’র সাবেক এমডি আহমেদ জোবায়েরের বিচার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩০

সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়ের।

ঢাকা: প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত আসামির অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ১০ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী সালেহ উদ্দিন।

শুনানিতে আহমেদ জোবায়েরের পক্ষে অব্যাহতির আবেদন করা হলেও আদালত তা নাকচ করেন। পরে তার জামিন আবেদনও খারিজ করা হয়।

বিজ্ঞাপন

একই দিন প্রতারণা ও জালিয়াতির আরেকটি মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহানের আদালতে তার জামিন চাওয়া হলেও সেই আবেদনও নামঞ্জুর করেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়েছে, সময় টিভির এমডি থাকাকালে আহমেদ জোবায়ের প্রতিষ্ঠানের তহবিল থেকে নিয়মবহির্ভূতভাবে ২ কোটি ৩৩ লাখ টাকা উত্তোলন করেন। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর প্রতিষ্ঠানটির দু’টি গাড়ি ও উত্তোলিত অর্থ ফেরত দিতে বলা হলেও তিনি তা ফেরত দেননি। পরে সময় টিভির মালিকানা প্রতিষ্ঠান সিটি গ্রুপ আইনি নোটিশ পাঠালেও তিনি তাতে সাড়া দেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ৫ মে সময় টিভির জ্যেষ্ঠ ব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামান মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে অভিযোগপত্র দাখিল করলে মামলাটি অভিযোগ গঠনের পর্যায়ে আসে।

এ ছাড়া প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও কাগজপত্র জালিয়াতির অভিযোগে আহমেদ জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে গত ১০ মে আরও একটি মামলা করা হয়। ওই মামলার অন্য আসামিরা হলেন—শামীমা সুলতানা চৌধুরী, সারাফ নাওয়ার জয়ীতা, আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী।

মামলায় আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হলেও তারা উপস্থিত না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে ১৮ জুন আহমেদ জোবায়েরসহ কয়েকজন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত অন্য তিন আসামিকে জামিন দিলেও আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর