ঢাকা: বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিরোধীদলীয় নেতার জাতীয় সংসদ ভবন কার্যালয়ে অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কারকি উপস্থিত ছিলেন। বৈঠকে শুরুর দিকে বিরোধীদলীয় নেতা নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস ও পাহাড়ধসে গভীর শোক প্রকাশ করেন এবং রাষ্ট্রদূতের কাছে সেখানকার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী মানবিক সহানুভূতি প্রকাশের জন্য বিরোধীদলীয় নেতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুর্যোগের শুরু থেকেই বিরোধীদলীয় নেতার আন্তরিক তৎপরতা ও শোকবার্তা প্রেরণ অত্যন্ত প্রশংসনীয়। নেপালে চলমান উদ্ধার অভিযান, মানুষের দুর্ভোগ এবং ভূমিধসে ক্ষয়ক্ষতির বর্তমান চিত্র তুলে ধরেন। এর জবাবে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির বলেন, বাংলাদেশের সঙ্গে নেপালের বন্ধুত্ব বহু পুরোনো ও দীর্ঘদিনের। যেকোনো সংকটে জামায়াতে ইসলামী নেপালের পাশে সর্বতোভাবে দাঁড়িয়ে থাকবে।
উক্ত বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ উপস্থিত ছিলেন।