ঢাকা: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ ৪টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত সংসদীয় অধিবেশনে এসব নতুন কমিটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জাতীয় সংসদে কমিটিগুলো গঠনের আনুষ্ঠানিক প্রস্তাব উপস্থাপন করেন।
সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির নির্দিষ্ট বিধিমালা অনুসরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের সমন্বয়ে এই স্থায়ী কমিটিগুলো গঠন করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। এই কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত, মোহাম্মদ কয়ছর আহমেদ, রফিকুল ইসলাম হিলালী, এস. এম. জাহাঙ্গীর হোসেন, নায়াব ইউসুফ আহমেদ, মমতাজ আলো, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মো. আবুল হাসনাত।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. আশরাফ উদ্দিন। এ কমিটির অন্যান্য সদস্য পদে দায়িত্ব পেয়েছেন মো. শফিকুর রহমান, নুরুল ইসলাম মনি, এস. এম. জিলানী, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, আব্দুস সালাম আজাদ, রেজা আহাম্মেদ, লুৎফুর রহমান এবং মো. আব্দুল বাতেন।
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মোহাম্মদ কামাল হোসেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়েছে সাঈদ আহমেদের ওপর। এই কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে মো. আব্দুল বারী, এ. বি. এম আশরাফ উদ্দিন নিজান, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ নূরুল ইসলাম, মো. আমিরুল ইসলাম খান, ফখর উদ্দিন আহমেদ, রেহেনা আক্তার রানু এবং মো. নূরুল ইসলামকে।