চট্টগ্রাম: জেলার লোহাগাড়ায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও ১৩ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্টে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতার দুইজন হলেন— কক্সবাজার সদর উপজেলার খুরুসকুল এলাকার মো. তারেকুল ইসলাম (২৬) ও মো. রাশেদুল ইসলাম প্রকাশ রুবেল (৩৮)।
পুলিশ জানায়, চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্টে একটি পিকআপ আটক করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালানোর একপর্যায়ে চালকের সিটের পেছনের পকেটে বিশেষ কৌশলে লুকানো একটি পোটলা উদ্ধার করা হয়। পরে ওই পোটলা থেকে ২ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুইজন পুলিশকে জানিয়েছেন, তারা কক্সবাজারের কুরুশকুল এলাকা থেকে চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। একই এলাকার মামুন নামে এক ব্যক্তির সঙ্গে যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ও আগ্নেয়াস্ত্রগুলো পরিবহন করছিলেন তারা।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘মাদক ও অস্ত্র গ্রহণের উদ্দেশ্যে মামুন এরই মধ্যে বাসযোগে চট্টগ্রাম শহরে চলে গেছেন। তাকে গ্রেফতার এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।’