ঢাকা: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত কমানোসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন।
রোববার (১৩ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে স্মারকলিপি দিয়ে সংগঠনটি ভূমিহীন, কৃষক, শ্রমিক, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের নির্বাচনে অংশগ্রহণ সহজ করার আহ্বান জানায়।
সংগঠনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিনের স্বাক্ষরিত এই স্মারকলিপিতে বলা হয়, জামানত বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে তা আগের যৌক্তিক পর্যায়ে ফিরিয়ে আনতে হবে। সে লক্ষ্যে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীর জামানত ১০ হাজার, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর জন্য ৫ হাজার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর ৩ হাজার এবং ইউপি সদস্য প্রার্থীর জামানত ১ হাজার টাকা নির্ধারণের জোর দাবি জানানো হয়। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতি জোর দেওয়া হয়। সেখানে বলা হয়, সাধারণ জনগণের রাজনৈতিক ও সামাজিক অংশগ্রহণের সুযোগ সংকুচিত হয়, এমন কোনো সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিতে পারে না।
স্মারকলিপি প্রদানের আগে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা বলেন, ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীকে সমাজ ও রাষ্ট্রের মূলধারায় কার্যকরভাবে সম্পৃক্ত করতে তাদের পুনর্বাসন ও খাস জমির অধিকার নিশ্চিত করতে হবে। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সাধারণ মানুষের ভোটাধিকার এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সহজ করতে নির্বাচন কমিশনকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত বাড়াতে সরকারের কাছে আইন সংশোধনের প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশন।
ছবি সংগৃহীত