Saturday 31 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামানত কমানোসহ ৬ দফা দাবিতে ভূমিহীন আন্দোলনের স্মারকলিপি

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৯

ছবি সংগৃহীত।

‎ঢাকা: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত কমানোসহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন।
‎
‎রোববার (১৩ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে স্মারকলিপি দিয়ে সংগঠনটি ভূমিহীন, কৃষক, শ্রমিক, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের নির্বাচনে অংশগ্রহণ সহজ করার আহ্বান জানায়।
‎
‎সংগঠনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিনের স্বাক্ষরিত এই স্মারকলিপিতে বলা হয়, জামানত বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে তা আগের যৌক্তিক পর্যায়ে ফিরিয়ে আনতে হবে। সে লক্ষ্যে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীর জামানত ১০ হাজার, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর জন্য ৫ হাজার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর ৩ হাজার এবং ইউপি সদস্য প্রার্থীর জামানত ১ হাজার টাকা নির্ধারণের জোর দাবি জানানো হয়। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতি জোর দেওয়া হয়। সেখানে বলা হয়, সাধারণ জনগণের রাজনৈতিক ও সামাজিক অংশগ্রহণের সুযোগ সংকুচিত হয়, এমন কোনো সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিতে পারে না।
‎
‎স্মারকলিপি প্রদানের আগে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা বলেন, ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীকে সমাজ ও রাষ্ট্রের মূলধারায় কার্যকরভাবে সম্পৃক্ত করতে তাদের পুনর্বাসন ও খাস জমির অধিকার নিশ্চিত করতে হবে। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সাধারণ মানুষের ভোটাধিকার এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সহজ করতে নির্বাচন কমিশনকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
‎
‎উল্লেখ্য, সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত বাড়াতে সরকারের কাছে আইন সংশোধনের প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশন।
‎
‎

বিজ্ঞাপন

 

ছবি সংগৃহীত

‎সারাবাংলা/এনএল/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর