Monday 02 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ড্যাপ বাস্তবায়ন দৃশ্যমান না হওয়ায় হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৯ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৬

ঢাকা: রাজধানী ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা (ডিটেইল্ড এরিয়া প্ল্যান ড্যাপ) বাস্তবায়ন কেন দৃশ্যমান হচ্ছে না এবং পরিকল্পনাটি যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এক জনস্বার্থমূলক রিটের দীর্ঘ শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আইন ও মানবাধিকার বিষয়ক সংগঠন ‘মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা’ (মওসুস) জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী ও মওসুসের চেয়ারম্যান ড. মো. গোলাম রহমান ভূঁইয়া।

বিজ্ঞাপন

রিট আবেদনে সংবিধানের ২৭ অনুচ্ছেদে বর্ণিত আইনের দৃষ্টিতে সমতার বিষয়টি উল্লেখ করা হয়। এতে বলা হয়, রাজধানী ঢাকাকে পরিকল্পিত, পরিবেশবান্ধব ও জনবান্ধব নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই ড্যাপ প্রণয়ন করা হয়েছে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এর বাস্তবায়ন কাঙ্ক্ষিত মাত্রায় দৃশ্যমান হয়নি।

রিটে আরও বলা হয়, ড্যাপ কার্যকরভাবে বাস্তবায়ন না হওয়ায় রাজধানীতে জলাধার ও উন্মুক্ত স্থান দখল, অপরিকল্পিত ভবন নির্মাণ, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া এবং অসহনীয় যানজটসহ বিভিন্ন নাগরিক সংকট ক্রমেই তীব্র হচ্ছে।

ড্যাপের বিধান যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে জনস্বার্থে রিটটি করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

শুনানি শেষে ড. মো. গোলাম রহমান ভূঁইয়া বলেন, ড্যাপের কার্যকর বাস্তবায়ন শুধু নগর পরিকল্পনার বিষয় নয়; এর সঙ্গে নাগরিকদের মৌলিক অধিকার, পরিবেশের ভারসাম্য এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ বসবাসের বিষয়ও জড়িত।

হাইকোর্টের এই আদেশের মাধ্যমে ড্যাপ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা বাড়বে এবং ঢাকাকে আরও পরিকল্পিত ও টেকসই নগরে রূপান্তরের প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর