ঢাকা: বিমা খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’ (আইডিআরএ)-এর চলমান সংস্কার কার্যক্রমের প্রশংসা করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, দীর্ঘদিনের অনিয়ম, দুর্বলতা ও আস্থার সংকট কাটিয়ে উঠতে আইডিআরএ ধারাবাহিকভাবে কাজ করছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আইডিআরএ কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী।
আইডিআরএ কার্যালয়ে পৌঁছালে মন্ত্রীকে স্বাগত জানান সংস্থাটির চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তার সঙ্গে ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক।
পরে আইডিআর-এর চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। সেখানে দেশের বীমা খাতের বর্তমান পরিস্থিতি, চলমান সংস্কার কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে তাকে অবহিত করা হয়।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, বিমা খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় আইডিআরএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বলতা দূর করতে কর্তৃপক্ষ ধারাবাহিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে এবং তদারকি আরও জোরদার করেছে।
পলিসিধারীদের আস্থা ফেরানোর ক্ষেত্রে বৈধ বিমা দাবি পরিশোধকে গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অপরিশোধিত থাকা বৈধ বীমা দাবির টাকা পরিশোধের কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে পলিসিধারীরা তাদের ন্যায্য পাওনা পাচ্ছেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরীর মতে, বিমা দাবির অর্থ পরিশোধের মাধ্যমে মানুষের মধ্যে বিমা খাত সম্পর্কে আস্থা পুনর্গঠনে ইতিবাচক অগ্রগতি হচ্ছে।
বিমা কোম্পানিগুলোর কার্যক্রমে ঝুঁকিভিত্তিক তদারকি বা রিস্ক-বেজড সুপারভিশন চালুর উদ্যোগের কথাও জানান অর্থমন্ত্রী। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা, সুশাসন ও ঝুঁকি ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বিমা কোম্পানিগুলোকে আরও কার্যকর, দক্ষ ও গতিশীল করতে তদারকি ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। এ জন্য নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম আরও শক্তিশালী করার কাজ চলছে।
পলিসিধারীদের অধিকার ও স্বার্থ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন অর্থমন্ত্রী। গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং বিমা কোম্পানিগুলোর সেবা পর্যবেক্ষণের ব্যবস্থাও আরও শক্তিশালী করা হয়েছে বলে জানান তিনি।
বিমার প্রয়োজনীয়তা, আর্থিক নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনায় এর গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার ওপরও গুরুত্ব দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিমাকে সাধারণ মানুষের কাছে সহজবোধ্য ও গ্রহণযোগ্য করার পাশাপাশি আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করতে আইডিআরএ কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
আইডিআর-এর চেয়ারম্যানের নেতৃত্বে চলমান সংস্কার কার্যক্রমের প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, বিমা খাতের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও গ্রাহকের আস্থা পুনর্গঠনে নেওয়া উদ্যোগগুলোর প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, আইডিআর-এর চলমান সংস্কারের ফলে দেশের বিমা খাত আরও শক্তিশালী, স্বচ্ছ ও জনমুখী হবে। একই সঙ্গে জাতীয় অর্থনীতির উন্নয়নেও এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।