ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে বাসার পাশের ভবন থেকে গ্যাস সিলিন্ডার মাথায় পড়ে জালাল মিয়া (৫৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি প্লাস্টিকের ব্যবসা করতেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কামরাঙ্গীরচর নূরবাগ পুলিশ ফাঁড়ির গলিতে এই দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত জালাল মিয়ার স্ত্রী বিউটি আক্তার জানান, তারা থাকেন নূরবাগ পুলিশ ফাঁড়ির গলিতে মসজিদের সামনের নিজেদের দুই তলা বাড়িতে। রাতে বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন জালাল। তখন পাশের ভবনের কোনো একটি ফ্লোর থেকে গ্যাস সিলিন্ডার তার মাথার ওপর পড়ে। এতে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এর পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানা পুলিশ তদন্ত করছে।