রাজশাহী: জেলার গোদাগাড়ী উপজেলায় শিহাব আলী (১৬) নামের কিশোর এক রিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের চার দিন পর শনিবার (৩১ অক্টোবর) উপজেলার কলিপুর এলাকার একটি ধান খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিহাব আলী গোদাগাড়ী পৌরসভার বারুইপাড়া মহল্লার সোহেল রানার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর (মঙ্গলবার) ব্যাটারিচালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি শিহাব। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজেও তার কোনো সন্ধান পাননি। শনিবার সকালে কলিপুর এলাকায় স্থানীয়রা ধান খেতের পাশ দিয়ে যাওয়ার সময় তীব্র দুর্গন্ধ পেয়ে খেতের ভেতরে গিয়ে শিহাবের অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে গোদাগাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ঘটনাস্থলে নিহতের ব্যবহৃত রিকশাটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, রিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই কিশোর শিহাবকে হত্যা করে নির্জন ধান খেতে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা জানান, মরদেহ দীর্ঘদিন খেতে থাকায় পচন ধরেছে, যার কারণে তাৎক্ষণিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা ও মামলার প্রক্রিয়া চলমান।