মোবাইলভিত্তিক আর্থিক সেবায় অপরাধ শনাক্তকরণ, নিয়ন্ত্রণ ও প্রতিরোধের লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণের পরিবেশকরদের নিয়ে মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক (এএমএল) সচেতনতামূলক কর্মশালা আয়োজন করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান নগদ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মানি লন্ডারিং প্রতিরোধের প্রয়োজনীয়তা, সম্ভাব্য ঝুঁকির ক্ষেত্র, ডিস্ট্রিবিউটরদের সচেতনতা বৃদ্ধির উপায়, সন্দেহজনক লেনদেন শনাক্ত ও রিপোর্টিং এবং প্রতারণা প্রতিরোধে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া অনলাইন জুয়া প্রতিরোধ, মানি লন্ডারিং ও সাইবার নিরাপত্তাসংক্রান্ত আইনের বিভিন্ন ধারা-উপধারা অনুযায়ী সংশ্লিষ্ট অপরাধের শাস্তি এবং অপরাধ প্রতিরোধের উপায় নিয়েও আলোচনা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, নগদের ব্যবসা পরিচালনার অন্যতম প্রধান চালিকাশক্তি এর উদ্যোক্তা ও শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। তাই উদ্যোক্তাদের সচেতনতা বৃদ্ধি, নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা এবং মানি লন্ডারিং প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা আরও বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ডিস্ট্রিবিউটরদের সচেতনতা বৃদ্ধিতে দেশব্যাপী এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে নগদ।
কর্মশালায় প্রতারণাসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্টদের করণীয়, সন্দেহজনক লেনদেন শনাক্তকরণ ও রিপোর্টিং প্রক্রিয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগিতার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।
কর্মশালায় নগদে নিযুক্ত বাংলাদেশ ব্যাংকের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “আমরা আমাদের সর্বশক্তি দিয়ে যেকোনো আর্থিক অপরাধ প্রতিরোধের চেষ্টা করে যাচ্ছি এবং প্রায় সব ক্ষেত্রেই আমরা সাফল্য পেয়েছি।”
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক কামরুল হাসান আজাদ বলেন, “যেকোনো ধরনের জুয়া প্রতিরোধে সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। গত জুলাইয়ে জুয়া প্রতিরোধে আইন পাস হয়েছে, যা অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী।”
কর্মশালায় নগদের চিফ কমপ্লায়েন্স অফিসার ও চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (সিএএমএলসিও) মুহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া, চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শহীন সারওয়ার ভূঁইয়া এবং চিফ স্ট্র্যাটেজিক রিলেশনস অ্যান্ড এলইএ অপারেশনস অফিসার এম মাহবুব আলমসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার বিভিন্ন চ্যালেঞ্জ, মানি লন্ডারিং প্রতিরোধে করণীয় এবং নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মতবিনিময় হয়। ডিস্ট্রিবিউটররা আইনের বিভিন্ন দিক ও সংশ্লিষ্ট বিষয়ে করণীয় নিয়ে প্রশ্ন করলে আলোচকেরা সেসবের উত্তর দেন।