ঢাকা: দেশের গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রা অর্জনকারী চামড়া শিল্পের উন্নয়নে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. রুহুল কবির রিজভী।
তিনি বলেন, নীতিগতভাবে এ শিল্পকে গুরুত্ব না দিলে সম্ভাবনাময় চামড়া খাত ধীরে ধীরে ক্ষতির দিকে যেতে পারে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ভবনের নিচতলায় ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, দেশের অর্থনৈতিক বিকাশে চামড়া ও চামড়াজাত পণ্যের দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। তিনি আরও বলেন, দেশীয় ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়ার বিশ্বব্যাপী সুখ্যাতি রয়েছে যা বিশ্ববাজারে সমাদৃত। স্থানীয় এই কাঁচামালকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের পাদুকা ও বিভিন্ন পণ্য প্রস্তুতের বিপুল সম্ভাবনা বিদ্যমান রয়েছে।
তিনি বলেন, বিশ্বসেরা মানের চামড়ার উৎস থাকা সত্ত্বেও কৌশলগত নীতিমালার অভাবে এ খাত পিছিয়ে থাকতে পারে না। শিল্প কারখানার রাসায়নিক বর্জ্য যাতে খাল-বিল বা নদীতে মিশে গিয়ে পরিবেশ বিনষ্ট না করে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বর্জ্য পরিশোধনের আধুনিক প্রযুক্তির সাহায্যে ক্ষতিকর উপাদান আলাদা করে পানি পুনর্ব্যবহারযোগ্য করার উদ্যোগ জোরদার করতে হবে।
রিজভী বলেন, শিল্পাঞ্চল সাভারে প্রক্রিয়াজাতকরণ এলাকা স্থানান্তরের পর তার আশপাশে যত্রতত্র আবাসন গড়ে উঠলে পুনরায় পরিবেশ বিপর্যয় ঘটতে পারে। ভবিষ্যতে কোনো ধরনের সংকট যাতে তৈরি না হয় সে জন্য পরিকল্পিত নীতিমালা প্রণয়ন অতীব জরুরি। সময়ের প্রয়োজনে নীতিগত সুসংগঠিত পদক্ষেপ না নিলে সম্ভাবনাময় এই শিল্প ধীরে ধীরে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।