কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে রাশেদুল (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভেড়ামারা উপজেলার ১২ মাইল মোড়সংলগ্ন কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নতুন আমদহ গ্রামের মৃত জোয়াদ মণ্ডলের ছেলে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা পাঁচজন যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে ভেড়ামারার ১৬ দাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন। আহত চারজন বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চৌড়হাস হাইওয়ে থানার এসআই মহিদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’