বলিউড ও পাঞ্জাবি সিনেমার পরিচিত মুখ ঈশা রিখী রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-এ নিজের ভাঙা বিয়ে নিয়ে মুখ খুলেছেন। জনপ্রিয় র্যাপার বাদশাহর সঙ্গে গোপনে সম্পন্ন হওয়া বিবাহ ও দ্রুত বিচ্ছেদের পর বিস্ফোরক সব তথ্য প্রকাশ্যে এনেছেন এই অভিনেত্রী। উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসে গোপনে তাদের বিয়ে হলেও মাত্র পাঁচ মাসের মাথায় পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদ ঘটে এই জুটির।
‘বিগ বস’-এর ঘরে সহপ্রতিযোগী কণিকা মানের সঙ্গে আলাপকালে ঈশা জানান, তিনি কেবল একদিক থেকে নয়, বরং শারীরিক, মানসিক ও সামাজিক সবদিক থেকেই সম্পর্কের মধ্যে প্রতারণার শিকার হয়েছেন। ঈশা রিখী ইঙ্গিত দেন যে, বাদশাহ কেবল সুবিধা নেওয়ার জন্য সম্পর্কের মধ্যে তাকে রাখতে চেয়েছিলেন, কিন্তু বদলা হিসেবে সম্পর্কটির কোনো দায়িত্ব নিতে চাননি। সাবেক স্বামীর ক্ষমতা ও সামাজিক প্রভাবের কারণে তাকে মারাত্মক মানসিক চাপের ভেতর দিয়ে যেতে হয়েছে।
অভিনেত্রী আক্ষেপ প্রকাশ করে জানান, সম্পর্কের পুরো সময়টিতে তাকে কেবল একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে রাখা হয়েছিল এবং বাদশাহ কখনো নিজের বন্ধু বা পরিচিতদের সঙ্গে তার পরিচয় করিয়ে দেননি। ঈশা উল্লেখ করেন, প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস না করার প্রবণতা তার রয়েছে; তবে বিচ্ছেদের পরই তিনি উপলব্ধি করতে পেরেছেন কীভাবে এতদিন ধরে তাকে বোকা বানানো হয়েছিল এবং তার আবেগ নিয়ে খেলা করা হচ্ছিল।