ঢাকা: দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় গ্রেফতারি পরোয়ানার নামে পুলিশ পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, বিগত সরকারের আমলে সত্য প্রকাশ এবং দেশ ও ইসলামের পক্ষে অবস্থান নেওয়ার কারণে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছিল।
তিনি বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে রাজনৈতিক হয়রানিমূলক হাজার হাজার মামলা প্রত্যাহার করা হলেও উচ্চ আদালত কর্তৃক স্থগিত একটি পুরোনো মানহানি মামলার গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে পুলিশ পাঠানোর ঘটনা বিস্ময়কর। এটি উদ্দেশ্যপ্রণোদিত কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
বিবৃতিতে তিনি আরও বলেন, বুধবার (২৫ নভেম্বর) সকালে রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে একটি রাষ্ট্রীয় মতবিনিময় সভায় যোগ দিতে যাওয়ার প্রাক্কালে পুলিশের এমন আচরণ স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের পুরোনো সংস্কৃতির বহিঃপ্রকাশ।
প্রশাসনের ভেতরে থাকা কোনো গোষ্ঠী সরকার ও দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এমন ঘটনা ঘটিয়েছে কি না, তা তদন্তের আহ্বান জানান তিনি।
মাওলানা মুহিউদ্দীন রাব্বানী মাহমুদুর রহমানসহ দেশের আলেম-ওলামা, সাংবাদিক ও দেশপ্রেমিক নাগরিকদের বিরুদ্ধে বিগত শাসনামলে দায়ের করা সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা নিঃশর্তে প্রত্যাহারের দাবি জানান।
একই সঙ্গে স্থগিত মামলার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে বাসায় গিয়ে হয়রানির ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।