Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু, হাসপাতালে স্বজনদের ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:২০

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুই চিকিৎসকসহ চারজন আহত হয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের সাব্বির হোসেনের তিন বছর বয়সী ছেলে রাফি পানিতে পড়ে যায়। পরে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মিরপুর ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এরপর শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যক্তি উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় তারা চিকিৎসকের কক্ষে ঢুকে অসদাচরণ করেন এবং একপর্যায়ে ১১ নম্বর মেডিকেল অফিসারের কক্ষসহ হাসপাতালের বিভিন্ন স্থানে ভাঙচুর চালান।

বিজ্ঞাপন

মিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহা বলেন, সকালে একটি শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষনা করে। এই ঘটনাকে কেন্দ্র করে শিশুটির স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায়। এ সময় ডা. আব্দুস সামাদ, ডা. জান্নাতুল রিয়া, একজন আনসার সদস্যসহ চারজন আহত হয়েছেন। থানায় মৌখিক ভাবে অভিযোগ জানানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুল রিয়া বলেন, স্বজনদের সন্তান হারানোর বেদনার বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হলেও হাসপাতালে জরুরি সেবাকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত করছে।

তবে এ ঘটনায় নিহত রাফির স্বজনদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মিরপুর থানার তদন্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি ঘটনাস্থলেই আছি। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর