Monday 02 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এলপিজির অস্বাভাবিক দাম বৃদ্ধিতে জনদুর্ভোগ বাড়বে: জামায়াত

স্পেশাল করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৬ ২০:২৮ | আপডেট: ২ নভেম্বর ২০২৬ ২০:৩০

ঢাকা: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির মধ্যে এলপিজির দাম অস্বাভাবিকভাবে বাড়ানোয় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

সোমবার (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, মাত্র এক মাসের ব্যবধানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়ানোয় সাধারণ মানুষের পারিবারিক ব্যয় আরও বাড়বে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বাড়তি এই ব্যয় বহন করা কঠিন হয়ে পড়বে।

বিজ্ঞাপন

তিনি বলেন, শুধু দাম বাড়িয়ে দায়িত্ব শেষ করলে চলবে না। দীর্ঘদিন ধরে বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রয়েছে। রাজধানীতেই ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। অথচ বাজার তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা যাচ্ছে না।

আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বৃদ্ধির অজুহাতে ভোক্তাদের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জ্বালানি খাতের অব্যবস্থাপনা ও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সাধারণ মানুষের ওপর চাপানো যাবে না। জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনায় না নিয়ে বারবার জ্বালানির দাম বাড়ানো দায়িত্বশীলতার পরিচয় নয়।

বিবৃতিতে তিনি অবিলম্বে এলপিজির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। একই সঙ্গে সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করা, সিন্ডিকেট ও অযৌক্তিক মুনাফা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার তদারকির জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।