Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন / ৩ প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৭ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩২

ঢাকা: ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপ-নির্বাচনে বিএনপির ৩ জন আগ্রহী প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছে দলটির পার্লামেন্টারি বোর্ড। তবে কাকে মনোনয়ন দেওয়া হবে তা এখনও জানানো হয়নি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎকার নেওয়া হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পার্লামেন্টারি বোর্ডের সামনে সাক্ষাৎকার দিয়েছেন- ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মির্জা ফয়সল আমিন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ্ মাসুদ এবং সুলতানুল ফেরদৌস চৌধুরী নম্র।

বিজ্ঞাপন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে পার্লামেন্টারি বোর্ড ও স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ এবং ডা. ফরহাদ হালিম ডোনার।

বৈঠক শেষে রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, এই বৈঠক মনোনয়ন বোর্ডের বৈঠক। স্থায়ী কমিটিই বোর্ডে সদস্য। আমরা আমাদের আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেছি। তবে সিদ্ধান্তটি (কে মনোনয়ন পাবেন) পরে জানানো হবে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন জয়ী হন বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ওই আসন শূন্য ঘোষণা করা হয়। এখন ওই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত সিডিউল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে, মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর এবং আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর