চুয়াডাঙ্গা: জেলার ভারত সীমান্ত থেকে বিপুল পরিমাণ অবৈধ মালামাল উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ রাজ মামুদ এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা, মুন্সীপুর, বড়বলদিয়া, মুজিবনগর, বুড়িপোতা, রুদ্রনগর, জগন্নাথপুর এবং ঠাকুরপুর বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। এসময় তারা বিভিন্ন মালামাল উদ্ধার করে। এর মধ্যে রয়েছে— ৬৮ বোতল ভারতীয় মদ, ১০৫ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ৭ হাজার ৬৮০টি ভারতীয় ডেক্সাম্যাথাসন ট্যাবলেট, ৪ হাজার ৫৯০টি বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ, ৬৩০টি বিভিন্ন প্রকার ভারতীয় ইনজেকশন, ৩৬টি ভারতীয় সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২০টি ভারতীয় ভায়াক্রাম ট্যাবলেট, ৪ কেজি ভারতীয় পেঁয়াজের বীজ, ১৩টি চায়না দোয়ারী জাল, ১২টি বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স এবং ৪টি ভারতীয় থ্রি-পিস। উদ্ধার করা মালামালের আনুমানিক তালিকা মূল্য ৮১ লাখ ৭০ হাজার ৬৫০ টাকা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, ‘দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তবর্তী এলাকা নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’