Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে পচা-বাসি খাবার বিক্রি, ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪২

চট্টগ্রামে পচা-বাসি খাবার বিক্রির অভিযোগে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম: জেলায় ভেজাল, পচা-বাসি ও নিম্নমানের উপকরণ ব্যবহার করে খাদ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে ১৯টি প্রতিষ্ঠানকে নয় লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

একই অভিযানে একটি মশলা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিকপক্ষের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নগরীর চকবাজার বালি আর্কেড, লালখান বাজার ও চাক্তাই-খাতুনগঞ্জ এলাকায় দিনব্যাপী অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বিশুদ্ধ খাদ্য আদালত চট্টগ্রাম মহানগরীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা।

নিরাপদ খাদ্য কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে ভেজাল খাদ্য, পচা-বাসি উপকরণ সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রিসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব ঘটনায় সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমের মাধ্যমে ১৯টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

মহানগরের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, ‘অভিযানে বিভিন্ন ধরনের অনিয়মের দায়ে ১৯টি খাদ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানকে মোট নয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

লালখান বাজারের হাইওয়ে সুইটস অ্যান্ড বেকারিতে আগের তুলনায় পরিবেশের দৃশ্যমান উন্নতি দেখা গেলেও বেশ কিছু অনিয়ম পাওয়া যায়। সেখানে মানহীন ঘি দিয়ে মিষ্টি তৈরি, মান নিয়ন্ত্রণ ছাড়াই টোস্ট-বিস্কুট বিক্রি, স্যাঁতসেঁতে মেঝে, অপরিষ্কার পাত্রে ছানা প্রক্রিয়াকরণ এবং কিছু অংশে তেলাপোকার উপস্থিতি পাওয়া যায়। এসব কারণে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

চাক্তাই-খাতুনগঞ্জের জসিম মশলা মিলে আরও গুরুতর অনিয়মের অভিযোগ পাওয়া যায়। সেখানে কাঠের গুঁড়া মিশিয়ে মশলা তৈরি, অননুমোদিত রং ব্যবহার এবং নোংরা ও পচা মরিচ দিয়ে মশলা তৈরির প্রমাণ পাওয়া যায়। অভিযানে সরকারি কাজে সহযোগিতা না করার অভিযোগও ওঠে। পরে সংশ্লিষ্ট মালিকপক্ষের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয় এবং একজনকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশন অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং এসআরবি-৭; সিএমপি, ব্যাটালিয়ন আনসার, চট্টগ্রাম এর যৌথ দল অভিযানে সহায়তা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর