পটুয়াখালী: পটুয়াখালীতে বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বসাক বাজার সংলগ্ন দলুগাজীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিল্পী রানী (৪০), বিথী রানী (২০), কাইউম প্যাদা (৫৫) ও জাহাঙ্গীর (৩০)। নিহত চার জনের বাড়ি গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়নে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত এগারোটার দিকে অটোচালক কাইউম প্যাদা ৩ জন যাত্রী নিয়ে গলাচিপার উদ্দেশ্যে রওনা দেয়। এসময় দলুগাজীর মোড় এলাকায় পৌছলে তালতলী থেকে ছেড়ে আসা ইমরান পরিবহন নামের একটি বাসের সঙ্গে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। বাসটি পানিতে ডুবে যায় এবং অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী শিল্পী, বিথী ও অটোচালক কাইউমের মৃত্যু হয়।
পরে তাদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় অটোরিক্সার অপর যাত্রী জাহাঙ্গীরের মৃত্যু হয়। আহত ১০ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই বাসের যাত্রী ছিলেন।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।