Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে সার বিতরণে দেরি হওয়ায় কৃষকদের সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৬

সার নিতে কৃষকদের ভিড়।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে সার বিতরণে দেরি হওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। পরে উপজেলা প্রশাসন, পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সার বিতরণ শুরু করেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজারে এ ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা অবরোধের কারণে কুড়িগ্রাম-চিলমারী আঞ্চলিক সড়কে যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয়রা জানান, নতুন অনন্তপুর বাজারের মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজ থেকে কৃষকদের সার দেওয়ার কথা ছিল। এ জন্য সকাল থেকেই কৃষকরা সেখানে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছিলেন। সকাল সাড়ে ৯টার পরও ডিলারের লোকজন না আসায় ক্ষুব্ধ হয়ে কৃষকরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার অফিসার ইনচার্জ (ওসি) ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সার বিতরণ শুরু হয়।

কয়েকজন কৃষক অভিযোগ করেন, কয়েকদিন ধরে ডিলারের কাছে ঘুরেও তারা সার পাচ্ছেন না। মঙ্গলবার সার দেওয়ার কথা থাকায় সকাল থেকে অপেক্ষা করেও ডিলারের লোকজন না আসায় তারা সড়ক অবরোধে বাধ্য হন।

মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজের ব্যবস্থাপক শামসুল আলম বলেন, ‘সারের জন্য মানুষের প্রচুর চাপ রয়েছে। এ বিষয়ে কৃষি বিভাগ ও প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। সকাল ১০টা বাজতে না বাজতেই কৃষকেরা তাড়াহুড়া শুরু করেন। পরে তারা সড়ক অবরোধ করেন। প্রশাসন ও পুলিশের সহযোগিতায় বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে বিতরণ শেষের পথে।’

উলিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘হাতিয়া অনন্তপুর বাজারের সার বিতরণ কেন্দ্রে প্রচুর কৃষকের উপস্থিতির কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কিছুটা হিমশিম খেতে হয়। পরে খবর পেয়ে ইউএনও ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কৃষকদের মধ্যে সুষ্ঠুভাবে সার বিতরণ করা হয়েছে।’

উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ বলেন, ‘সকাল ৮টায় সার বিতরণের কথা ছিল। কিন্তু প্রচুর চাপ থাকায় ডিলারের লোকজন বিতরণ করতে সাহস পায়নি। তারা আড়ালে ছিল। দেরি হওয়ায় বিক্ষুব্ধ কৃষকেরা টায়ার জ্বালিয়ে সড়কে আগুন দেন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সার বিতরণ শুরু করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর