সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নে জমিতে কাজ করার সময় বজ্রপাতে মো. বাবু (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের আকনাদিঘী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে পাওয়ারটিলার নিয়ে জমিতে চাষাবাদ করতে যান বাবু। এ সময় আকাশে মেঘ জমে হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতের শিকার হয়ে জমিতেই গুরুতর আহত হন তিনি। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে স্থানীয়রা বাবুকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। তবে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিব হাসান জানান, বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করবে।