রাজবাড়ী: দীর্ঘ ১৬ দিন বন্ধ থাকার পর রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
এর আগে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে এ পথে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকদের চরম দুর্ভোগে পড়তে হয়।
ধাওয়াপাড়া ফেরিঘাট সূত্রে জানা গেছে, এ নৌরুটে মোট দু’টি ফেরি রয়েছে। এর মধ্যে একটি ফেরি প্রায় দুই থেকে তিন মাস ধরে বিকল অবস্থায় পড়ে আছে। অপর ফেরিটিও পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে বন্ধ ছিল। ফলে দীর্ঘ সময় ধরে পুরো নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী ও পাবনার মধ্যে যাতায়াতকারী মানুষকে বিকল্প পথে চলাচল করতে হয়েছে। এতে তাদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হয়েছে। বিশেষ করে পণ্যবাহী যানবাহনসহ স্থানীয় যাত্রীদের ভোগান্তি আরও বেড়ে যায়।
এদিকে দীর্ঘ ১৬ দিন পর মঙ্গলবার সকাল থেকে ফেরি চলাচল শুরু হওয়ায় এ নৌরুটে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকদের মধ্যে স্বস্তি ফিরেছে। স্বাভাবিক হয়েছে দুই জেলার মানুষের গুরুত্বপূর্ণ এই নৌ-যোগাযোগ ব্যবস্থা।
ধাওয়াপাড়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, ‘পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে নিরাপত্তাজনিত কারণে এতদিন ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে নদীর স্রোত অনেকটাই কমে যাওয়ায় মঙ্গলবার সকাল ১১টা থেকে এ নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। এখন থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলে নিয়মিতভাবে ফেরি চলাচল করবে।’