Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলা নদীতে ২৪ ঘণ্টা ফেরি চলাচল কার্যক্রম উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৬ ১১:৪১ | আপডেট: ২৭ জুন ২০২৬ ১১:৪৪

বাগেরহাট: দীর্ঘ ২৩ বছরের ভোগান্তির অবসান ঘটিয়ে মোংলা নদীতে ২৪ ঘণ্টা ফেরি সার্ভিস চালু হয়েছে। এখন থেকে জোয়ার-ভাটার ওপর নির্ভর না করে দিন-রাত সার্বক্ষণিক দুটি ফেরি চলাচল করবে। এর ফলে চারটি উপজেলার লোকেরা এই সুবিধা ভোগ করতে পারবে।

​শনিবার (২৭ জুন) সকালে স্থায়ী বন্দর বাস স্ট্যান্ড সংলগ্ন ফেরি ঘাটে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ফুল টাইম এই ফেরি সার্ভিসের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, ‘নদী পারাপারে মোংলা বন্দর, ইপিজেড ও শিল্পাঞ্চলের হাজার হাজার কর্মজীবী মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ এবং দুর্ঘটনা এড়াতে এই ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস চালু করা হয়েছে। ২০০৩ সালে মোংলা নদীতে ফেরি চলাচল শুরু হলেও এতদিন তা শুধু জোয়ারের সময় চলতো, বাকি সময় বন্ধ থাকতো। এখন থেকে দুটি ফেরি সার্বক্ষণিক ভাবে যাতায়াত করবে।’

বিজ্ঞাপন

​তিনি আরও জানান, মোংলা নদীর ওপর একটি ঝুলন্ত সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেই সেতুটি দৃশ্যমান না হওয়া পর্যন্ত এই ফুল টাইম ফেরি সার্ভিস চালু থাকবে। এর ফলে স্থানীয় সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে অত্যন্ত ইতিবাচক প্রভাব পড়বে।

​কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ফেরি ঘাটে অবশ্যই ভাড়ার চার্ট বা রেট বোর্ড টানানো থাকতে হবে। চার্ট না টাঙালে কোন ভাড়া দেবেন না।’

​তিনি জানান, ফুল টাইম ফেরি চলাচল শুরু হওয়ায় জয়মনির খাদ্যগুদাম থেকে পণ্য পরিবহন অনেক সহজ হবে। এছাড়া মোড়েলগঞ্জ, শরণখোলা ও রামপালের মানুষের যাতায়াতসহ দক্ষিণাঞ্চলের কৃষি পণ্য পরিবহনে গতি আসবে এবং ফেরি সার্ভিসটি লাভজনক হয়ে উঠবে।

​মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস, বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রমানিক।

​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার এবং গোলাম নুর জনিসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সারাবাংলা/এনজে