ঢাকা: স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে তিনধাপে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার কথা থাকলেও আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার কর্মকর্তারা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
জনসংযোগ শাখার পরিচালক মো.আব্দুল মমিন সরকার বলেন, আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর), বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর), শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তিনধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ শুরু হওয়ার কথা ছিলো তা আপাতত হচ্ছে না। স্থানীয় সরকার নির্বাচানের পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর রাজনৈতিক দলগুলো সঙ্গে সংলাপ আয়োজন করা হবে।
তিনি জানান, পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজন করা হবে।
জানা যায়, চলতি নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা ছিল ইসির। তবে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে শেষে বিভিন্ন পরীক্ষা ও ধর্মীয় উৎসব থাকায় তা থেকে সরে এসে নভেম্বর তফসিল ঘোষণা করে জানুয়ারিতে ভোটগ্রহণের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।