Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁদপুরে আগুনে পুড়ল ৫ পরিবারের ঘর, ক্ষতি ৪০ লাখ টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২৫

আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ি।

চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা আগুনে পাঁচ পরিবারের বসতঘর ও রান্নাঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুনের মধ্য থেকে প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার খিদিরপুর এলাকার মাছুয়াখালে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে মো. জালাল জমদ্দার, মো. সেলিম জমদ্দার, সুফিয়ান জমদ্দার, কামরুল জমদ্দার ও মানিক মিয়ার পরিবার।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে জালাল জমদ্দারের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন পাশের বসতঘর ও রান্নাঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

আগুনে পাঁচটি বসতঘর ও পাঁচটি রান্নাঘর পুড়ে গেছে। ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালংকার, পোশাকসহ বিভিন্ন মালামাল নষ্ট হয়েছে।

ক্ষতিগ্রস্ত মো. জালাল জমদ্দার বলেন, ‘হঠাৎ আগুনে আমাদের ঘরগুলো পুড়ে ছাই হয়ে গেছে। পাঁচটি বসতঘর, পাঁচটি রান্নাঘর, স্বর্ণালংকারসহ ঘরে থাকা সব মালামাল পুড়ে গেছে। আমাদের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই। এখন কোথায় থাকব, সেটাও জানি না।’

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের বসতঘর ও রান্নাঘর পুড়ে গেছে এবং দুইজন আহত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর